পঞ্চগড়ে মধ্যযুগীয় কায়দায় স্কুল শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধ-পঞ্চগড়ে মধ্যযুগীয় কায়দায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে| এ সময় মোটরসাইকেল ভাঙচুরের ও পাওনাদারকে দেয়ার জন্য রাখা দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে| এ ঘটনায় ১২ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন আহত শিক্ষক মাহামুদ আলম প্রধান| তিনি সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক| বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন রয়েছেন| এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়|
এজাহারে বলা হয়েছে, গত সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ছুটি নিয়ে দুপুরের খাবারের জন্য তিনি বাড়িতে যাচ্ছিলেন| পথিমধ্যে মাগুড়া ইউনিয়নের মাগুড়া প্রধানপাড়া গ্রামে পৌছলে আনসার আলীর নেতৃত্বে নারী ও পুরুষ হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে| হামলায় তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায়| এক পর্যায়ে তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে গলা থেকে পা পর্যন্ত বেঁধে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়| এ সময় তার স্কুলব্যাগে থাকা জমি বন্ধক ফেরতের জন্য আনা নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে| মাহামুদ আলম প্রধানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করেন| পরে ৯৯৯ ন¤^রে ফোন পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে| পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়|
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষক মাহামুদ আলম প্রধান গণামাধ্যম কর্মীদের বলেন, ভিডিওতে সবাই দেখেছেন আমাকে কীভাবে গাছে বেঁধে রাখা হয়েছিল| আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই| তিনি আরও বলেন, হামলাকারীরা আমাকে ভবিষ্যতে সুযোগ পেলে হত্যা, লাশ নদীতে ভাসিয়ে দেয়াসহ বাড়িতে আগুন দিয়ে পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেয়|
এ বিষয়ে অভিযুক্ত আনসার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না| পরে বাড়িতে এসে বিষয়টি শুনেছি|
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বলেন, মোবাইলে জানতে পারি তিনি বিপদে আছেন| এরপর গ্রাম পুলিশকে তাকে উদ্ধারের জন্য পাঠাই| তবে এরই মধ্যে ৯৯৯ এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে|
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে| #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































